মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৮:৩১ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে জুনায়েদ পাটোয়ারী (৩৪) নামে পুলিশের চাকরিচ্যুত এক কনস্টেবল ভুয়া এএসআই সেজে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ জুন) মোটরসাইকেলটির মালিক রাজিব সাহা বাদি হয়ে বোয়ালমারী থানায় ছিনতাইয়ের মামলা করেছেন। মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

চাকরিচ্যুত পুলিশ সদস্য রাজবাড়ী উপজেলা সদরের বিচাত্রা গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন। কয়েক বছর আগে নেশার সাথে জড়িত থাকার অপরাধে তিনি চাকরিচ্যুত হন। 

থানা ও এলাকা সূত্রে জানা যায়, চাকরিচ্যুত পুলিশ সদস্য জুনায়েদ পাটোয়ারী পুলিশের এএসআইয়ের পোশাক পরে বুধবার (৪ জুন) বিকেলে বোয়ালমারী পৌরসদরের ওয়াপদার মোড়ে আমগ্রামের বাসিন্দা রাজিব সাহার পালসার মোটরসাইকেল দাঁড় করিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান। এক পর্যায়ে গাড়িটি নিয়ে মাগুরার দিকে রওনা দেন। জুনায়েদের পিছনে পিছনে রাজিব সাহা ও তার বন্ধু আমিরুল জান্নাত সিয়াম অন্য একটি মোটরসাইকেল নিয়ে ফলো করতে থাকেন। এক পর্যায়ে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার সামনে পৌঁছলে জুনায়েদকে ধরে ফেলেন রাজিব সাহা। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। 

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘জুনায়েদ পুলিশের কনস্টেবল ছিলেন। নেশার সাথে জড়িত থাকার কারণে কয়েক বছর আগে তিনি চাকরিচ্যুত হন। বুধবার বিকেলে পুলিশের এএসআইয়ের পোশাক পরে বোয়ালমারীর ওয়াপদার মোড় থেকে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী মোহাম্মদপুরে তিনি আটক হন। তার নামে ছিনতাইয়ের মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত