ম্যাচ ফিক্সিংয়ে আবারও শ্রীলঙ্কার ক্রিকেটারের নাম

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৩:০২ পিএম

গত কয়েকবছর ধরেই শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠে আসছে। এর দায়ে সাজাও হয়েছে একাধিক ক্রিকেটারের। এবার শ্রীলঙ্কার হয়ে সাদা বলের ক্রিকেটে ৭৩টি ম্যাচ খেলা সচিত্র সেনানায়কের নাম জড়াল ফিক্সিংয়ে। সাবেক এই স্পিনার বিভিন্ন ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ে প্রলুব্ধ করতেন বলে অভিযোগ।

এই মুহূর্তে শ্রীলঙ্কার হাম্বানটোটা হাইকোর্টে সচিত্রের বিরুদ্ধে মামলা চলছে। তিনি ২০২০ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিং করার চেষ্টা করেছিলেন। তখন কলম্বো কিংসের হয়ে খেলা তারিন্দু রত্নায়েককে তিনি ম্যাচ ফিক্সিং করার প্রস্তাব দিয়েছিলেন। আরও একজন ক্রিকেটারকে তিনি দুবাই থেকে ফোনের মাধ্যমে ফিক্সিংয়ের প্রস্তাব দেন বলে দাবি স্থানীয় গণমাধ্যমের।

২০১৪ সালের মে মাসে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সচিত্রকে নিষিদ্ধ করেছিল আইসিসি। পরে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেও তেমন নজরকাকড়া ক্যারিয়ার ছিল না তার। চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে ৪৯টি ওয়ানে এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৭৮ উইকেট। তিনি শ্রীলঙ্কার ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর সচিত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৮ ম্যাচ খেলে মাত্র ৯ উইকেট নিয়েছিলেন সচিত্র। এই একটি দলের হয়েই তিনি আইপিএল খেলেছেন। পরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও সাড়া জাগাতে পারেননি। এবার তিনি আলোচনায় এলেন ফিক্সিংয়ের অভিযোগের সৌজন্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত