অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটি কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এই বিষয়টি সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে, সেটা সবার জন্যই মঙ্গল।
আজ শুক্রবার (৬ জুন) দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, আমরা তাদের (ছাত্র উপদেষ্টা) সঙ্গে শত্রুতা করছি না বা হুমকি-ধামকি দিচ্ছি না। আমরা শুধু বলছি, আপনারা রাজনীতি করলে পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দলে যোগ দিয়ে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করুন। আমরা আপনাদের স্বাগত জানিয়েছি।
বিএনপি নেতা ইশরাক আরও বলেন, ঈদগাহ মাঠে আমি নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার কালও যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সঙ্গে মাঠে থাকব।
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নগর ভবনে কোনও প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবেন না। সেখানে যদি কোনও ধরনের প্রশাসনিক সমস্যা হয় তখন আমরা ৭৫ ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ও কাউন্সিলর ছিল, ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাব। কিন্তু এখান থেকে ফিরে আসার কোনও সুযোগ নেই।
তিনি আরও বলেন, অনেকে আমাকে ভুল বুঝছে। রাজনীতি এমন একটি জিনিস, এখানে যখন মাঠের বাস্তবতা চলে আসে এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে যখন আপনি লড়াই করবেন, তখন আর আপনার রাজনৈতিকভাবে কর্মসূচি পালন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। যার কারণে কিছু জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেকে কাছে হয়তো মনে হতে পারে, আমি কেন এত দৃঢ় হচ্ছি এই সামান্য মেয়রপদ নিয়ে। যেটার মেয়াদও হয়তো বেশি দিন নেই। কিন্তু আপনারা পরবর্তীতে লক্ষ্য করেছেন, এটার পেছনে গ্রেটার স্টোরি আছে, যেটা হয়েছে আমার সঙ্গে।
বিএনপি নেতাকর্মীদের হামলায় জামায়াত নেতা নিহত
কুলাউড়ায় ঈদ করবেন জামায়াত আমির