প্রোটিয়াদের কোচকেই নিজেদের করে নিলো কিউইরা

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৯:২১ পিএম

হেড কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকাকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তুলেছিলেন রব ওয়াল্টার। তাকেই নিজেদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। আগামী তিন বছর সব সংস্করণেই দলটির দায়িত্বে থাকবেন তিনি।

গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার কোচের পদ ছাড়েন ৪৯ বছর বয়সী ওয়াল্টার। যদিও দেশটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিলো দুই বছরের বেশি সময়। নিউজিল্যান্ডে গ্যারি স্টিডের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। দায়িত্ব নিয়ে ওয়াল্টার বলেন, ‘নিউজিল্যান্ড অনেক দিন ধরেই সফল একটি দল। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ ব্যাপার। সামনে অনেক বড় বড় টুর্নামেন্ট ও সিরিজ আছে। আমি দারুণ রোমাঞ্চিত, চ্যালেঞ্জও অনেক বড়। কাজ শুরু করার জন্য উন্মুখ হয়ে আছি।’

এর আগে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওটাগো ভোল্টস ও সেন্ট্রাল স্ট্র্যাগসের কোচ ছিলেন তিনি। ২০২২-২৩ মৌসুমে স্ট্যাগসকে ফোর্ড ট্রফি ও প্লাঙ্কেট শিল্ড জিতিয়েছেন ওয়াল্টার। ২০২২ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের ভারত সফরেও কোচ ছিলেন তিনি। এ ছাড়া আইপিএলেও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০২৩ থেকে প্রোটিয়াদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন ওয়াল্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত