ত্যাগের মহিমায় আজ পবিত্র ঈদুল আজহা

আপডেট : ০৭ জুন ২০২৫, ১০:২৪ এএম

আজ শনিবার সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। যুগ যুগ ধরে এই দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের আত্মত্যাগ, আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টির প্রতীক হিসেবে পালন হয়ে আসছে। আজকের দিনে ঈদের নামাজ শেষে কোরবানির মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করছেন মুসল্লিরা।

সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ঈদগাহ ও মসজিদমুখী হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদুল আজহার ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে তাঁরা পশু কোরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির আশায়।

এ বছর রাজধানী ঢাকায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এতে ইমামতি করেছেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ মসজিদে আজ মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে—সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায়। জামাতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রধান জামাত আয়োজন অনুপযুক্ত হলে, বিকল্প হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি রয়েছে।

জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি ব্লকে একসঙ্গে নামাজ আদায়ের সুবিধা রাখা হয়েছে ২৫০ জনের। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুসল্লিদের সুবিধায় রাখা হয়েছে ওজু, পয়ঃনিষ্কাশন, সুপেয় পানি, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স। নারী মুসল্লিদের জন্য রয়েছে পৃথক নামাজের জায়গা এবং আলাদা প্রবেশপথ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আজ দুটি জামাত অনুষ্ঠিত হচ্ছে—সকাল সাড়ে ৭টায় এবং সকাল সাড়ে ৮টায়। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে জামাত হয়েছে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের লনে ও ফজলুল হক মুসলিম হলের মাঠে জামাত শুরু হয়েছে সকাল ৮টায়।

এছাড়াও, ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহ মাঠ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিবছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত আয়োজিত হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সকাল ৯টায় এ জামাতে ইমামতি করবেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ। ঈদগাহ ময়দানে নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে ২ প্লাটুন বিজিবি সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত