ঈদুল আজহার ছুটিতে বড়পর্দায় মুক্তি পেয়েছে অভিনেতা শাকিব খান ও পরিচালক রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোয় উপচে পড়া ভিড়, দর্শকদের উচ্ছ্বাসে মুখর হল প্রাঙ্গণ। সিনেমাপ্রেমীরা একদিকে শাকিবের অভিনয়ে মুগ্ধ, অন্যদিকে আফরান নিশো ও সিয়াম আহমেদের ক্যামিও নিয়ে চলছে প্রশংসার ঝড়।
গতকাল শনিবার মুক্তির প্রথম দিন দর্শকদের সঙ্গে বসে বড়পর্দায় নিজ ছবিটি দেখেছেন নির্মাতা রাফী, প্রযোজকসহ চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরা। সিনেমা প্রদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রায়হান রাফী বলেন, “সিনেমাটি দেখার সময় মনে হচ্ছিল, দর্শকেরা বুঝি হলটাই ভেঙে ফেলবেন! ‘তাণ্ডব’ কেবল সিনেমা নয়, এটি এক্সপেরিয়েন্স। হলে গিয়ে দেখলে আপনি আনন্দে আপ্লুত হয়ে পড়বেন। সিনেমাটা যেখানেই চলুক না কেন, দেখে ফেলুন।”
তিনি আরও জানান, “স্টার সিনেপ্লেক্সে আগামী তিন দিনের সব অগ্রিম টিকিট ইতিমধ্যেই বুকড হয়ে গেছে। যারা দেখতে চান, তাদের বলব, অনলাইনে আগে দেখে নিন। আর হল মালিকদের প্রতি আহ্বান—শো সংখ্যা বাড়িয়ে দিন।”
সিনেমাটি নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল তুঙ্গে, কারণ গুঞ্জন ছিল—শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন নিশো ও সিয়াম। তবে সিনেমার প্রচারপর্বে এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই। শেষ পর্যন্ত সিনেমা মুক্তি পেতেই দুই জনপ্রিয় অভিনেতার ক্যামিও দেখে রীতিমতো চমকে গেছেন দর্শকরা, প্রশংসা করেছেন উচ্ছ্বাসভরে।
রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ ছবিতে শাকিব ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েত। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজক হিসেবে আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
আজ থেকে চলবে মেট্রোরেল, মানতে হবে যেসব নির্দেশনা
ঈদুল আজহার দ্বিতীয় দিনে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা