এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার বার্তায় জনমনে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি করেছে। সরকার তার নিজের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
সোমবার (৯ জুন) বিকালে চাঁদপুর জেলার উত্তর মতলব ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণ চায় আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু ডিসেম্বরের নির্বাচনকে প্রধান উপদেষ্টা কোন উদ্দেশ্য বাস্তবায়নে এবং কোন দলের সহযোগিতা নিয়ে এপ্রিল মাসের কথা বলছেন। এর ভেতরে কি ষড়যন্ত্র রয়েছে, কোন দোসররা জড়িত রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে? জাতি তা জানতে চায়। এর ফলে সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে।
বাংলাদেশে গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারে নাই। প্রত্যকটি মানুষ উন্মুখ হয়ে ভোট দেয়ার জন্য বসে আছে, বলেন তিনি।
আমিনুল হক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সব রাজনৈতিক দল বলেছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন।
এপ্রিল মাসে নির্বাচন নিয়ে সময় ও উদ্দেশ্য দুটোই প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন তা এপ্রিল মাসের প্রথমত এই সময়টা হচ্ছে ঝড় বৃষ্টির সময়। এই সময়ে মানুষ ঠিক মতো রাস্তাঘাটে বের হতে পারে না। এপ্রিলের দু’সপ্তাহ পরে রমজান শুরু হবে। রমজানের মধ্যে কীভাবে প্রচারণা চালানো সম্ভব? মানুষ রোজা রাখবে, না প্রচারণা চালাবে? তারপর পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল প্রতিষ্ঠানের কক্ষগুলোতে যে নির্বাচনের বুথ ব্যবহার করা হয়, পরীক্ষার সময়ে সেই বুথগুলো ব্যবহার করা যাবে না।
এসময় তিনি আরও বলেন, এই সময়ে ভোট দিয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ভোটের সময়টি এপ্রিল মাসে দিয়েছেন। সেটি আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষের ভেতরে একটি সন্দেহ এবং একটি ষড়যন্ত্রের গন্ধ সকলেই পাচ্ছেন।
ডিসেম্বর মাসের ভেতরেই নির্বাচন আয়োজনের দাবি ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আগামী ডিসেম্বরের ভেতরে নির্বাচন চায়। কারণ ভোটের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ডিসেম্বর।
খেলা উদ্বোধকের বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে এবং মতলব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মুহাম্মদ ইউনুস, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মতলব উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, চাঁদপুর জেলা বিএনপি সদস্য মুহাম্মদ আজহারুল হক মুকুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, স্পেন বিএনপির সহসভাপতি মো. থানা বিএনপি নেতা এসএম আহমেদ মনির প্রমুখ।
