লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টির শঙ্কা

আপডেট : ১০ জুন ২০২৫, ০৫:০৫ পিএম

লর্ডসে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালের উত্তেজনায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি। পাঁচ দিনের এই ম্যাচ যদি ভেস্তে যায়, বা ড্র হয় তা হলে কোন দল চ্যাম্পিয়ন হবে?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, টেস্টের পাঁচ দিনই আকাশ মেঘলা থাকবে। দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। বাকি চার দিনও বৃষ্টি হতে পারে। ফাইনালে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে। নির্ধারিত পাঁচ দিনে ওভার নষ্ট হলে সেই ওভার ষষ্ঠ দিনে শেষ করার চেষ্টা করা হয়। ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড ফাইনালও রিজার্ভ ডেতে গড়িয়েছিল। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।

এবারের ফাইনাল যদি কোনো কারণে ভেস্তে যায়, বা খেলা ড্র অথবা টাই হয় তাহলে দুই দলকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে। এক্ষেত্রে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও কেউ সুবিধা পাবে না। এবারের দুই ফাইনালিস্টের মাঝে অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন। আর দক্ষিণ আফ্রিকা প্রথমবার ফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকা এবার তাদের ‘চোকার্স’ বদনাম ঘুচাতে পারে কিনা- সেটাই দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত