ছাত্রদল নেতার বাড়িতে হামলা, পায়ের রগ কাটল যুবলীগ

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৫২ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে মো. মঞ্জুর ভূঁইয়া নামের এক যুবককে কুপিয়ে তার পায়ের রগ কেটে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। গত রবিবার রাতে যুবলীগ নেতা ইকবালের নেতৃত্বে জামাল হোসেন, কামাল হোসেন, জুয়েল রানা, মুসা মিয়া ও রূপ মিয়াসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, ছোরা, হকিস্টিক নিয়ে ছাত্রদল নেতা ইউনুসের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ইউনুসের চাচাতো ভাই মো. মঞ্জুর ভূঁইয়াকে কুপিয়ে পায়ের রগ কেটে মারাত্মকভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় আহতের চাচাতো ভাই ছাত্রদল নেতা মো. ইউনুস মিয়া বাদী হয়ে গত সোমবার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি  গ্রামের বাসিন্দা ও ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে ছাত্রদল নেতা ইউনুসের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল।

ছাত্রদল নেতা ইউনুস মিয়া জানান, ইকবাল হোসেনের নেতৃত্বে ছাত্রদল নেতা ইউনুসের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণালংকার, নগদ টাকা, টিভি, ফ্রিজ লুট করে নিয়ে যায়। এমনকি কোরবানির মাংস লুট করে নিয়ে যায়। অভিযুক্ত যুবলীগ নেতার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সোনারগাঁ থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত