কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গাছে বেঁধে মারধরের পর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া তার বাড়িতে ভাঙচুর এবং গরু, ছাগল ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।
গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুরে এ ঘটনা ঘটে। রিনা খাতুন (৪০) ওই গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। পরে রাত ১০ টার দিকে এসব ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়। রিনা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে রিনা খাতুন প্রতিবেশী রিপন আলীর ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস চুরি করে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় রিপনের স্ত্রী মুক্তি খাতুন রিনাকে হাতেনাতে ধরে ফেলেন এবং বাড়ির উঠানে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করে মাংস কেড়ে নেন। পরে রিনার স্বামী জাহাঙ্গীর তাকে উদ্ধার করে নিয়ে যান।
সূত্র জানায়, এরপর স্থানীয় নজরুল, কাশেম, রিপনসহ কয়েকশ নারী-পুরুষ রাত ৮টার দিকে রিনার বাড়িতে ভাঙচুর করে তাকে ধরে ফের রিপনের বাড়িতে নিয়ে আসে এবং বেধড়ক মারপিট করে মাথার চুল কেটে দেয়। পরে সেখানে শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম, রিনার স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে সালিশ বসে। সালিশে রিনার দুটি গরু, একটি ছাগল ও স্বর্ণালংকারের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন রিনা খাতুন। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন। মাথার চুল কাটা। এ সময় আহত রিনা খাতুন বলেন, ‘রিপন ইলেকট্রিক মিস্ত্রি। বিকেলে তাকে ডাকতে গেলে তার স্ত্রী মুক্তি খাতুন মাংস চুরির অপবাদ দিয়ে বেঁধে রাখে এবং কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। এরপর রাতে গ্রামের লোকজন নিয়ে আমাকে বাড়ি থেকে তুলে এনে গাছে বেঁধে মারধর করে এবং চুল কেটে দেয়। বাড়িতে ভাঙচুর ও গরু, ছাগল, স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট করে নিয়ে গেছে। ভয়ে আমার স্বামী পালিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’
রিপন বলেন, ‘রিনা ঘর থেকে ৪১ হাজার টাকা ও মাংস চুরি করে হাতেনাতে ধরা পড়েছিল। রিনা এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করেছে। সেই রাগে লোকজন ধরে মারধর করে চুল কেটেছে। আমরা এর সঙ্গে জড়িত নই।’
রিপনের স্ত্রী মুক্তি খাতুন বলেন, ‘আমি দড়ি দিয়ে বেঁধে একটা চড় মেরেছি। কিন্তু কারা চুল কেটেছে তা জানি না।’ অভিযুক্ত কাশেম বলেন, ‘রিনা বিভিন্ন বাড়িতে চুরি করেছে। ক্ষতিপূরণ হিসেবে রাতে সালিশে তার গরু, ছাগল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম বলেন, ‘আমি শুধু ওই নারীকে তার স্বজনদের হাতে তুলে দিয়েছি। আর কী ঘটেছে তা জানি না।’ কুমারখালী থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, চুরির অভিযোগে এক নারীর চুল কেটে দেওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ক্যাপশন: মাথার চুল কাটা। হাসপাতালে চিকিৎসাধীন রিনা খাতুন। গতকাল দুপুরে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে
