বৃক্ষপ্রেমী যুবক নিজের টাকায় লাগিয়েছেন ১০ হাজার গাছ

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৫৭ এএম

প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির চাকরি করেও নিজ খরচে ১০ হাজার গাছ রোপণ করেছেন আনোয়ার হোসেন নামের এক যুবক। সরকারি সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোভা পাচ্ছে তার লাগানো বিভিন্ন প্রজাতির গাছ। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে বাকি জীবন এ মহান কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানান তিনি। আনোয়ারের এমন মানবিক কাজে তার পাশে দাঁড়ানোর কথা জানান জনপ্রতিনিধিরাও।

সরেজমিনে দেখা গেছে, প্রায় প্রতিদিনই নিজের হাতে গড়া নার্সারি থেকে গাছের চারা তুলে মোটরসাইকেলে বেঁধে নেন আনোয়ার হোসেন। গন্তব্য সরকারি কোনো সড়ক, অফিস-আদালত কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান। কোথাও ফাঁকা জায়গা পেলেই গাছ লাগান তিনি। দীর্ঘ ৮ বছর ধরে এভাবেই গাছ রোপণ করে বেড়াচ্ছেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকার আনোয়ার হোসেন। সদরের টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে চাকরি করেন তিনি।

সরকারি ছুটির দিন বা স্কুল সময়ের আগে ও পরে কুড়িগ্রাম সদরসহ জেলার অন্যান্য উপজেলায় এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তিনি। তার নিজ হাতে লাগানো আম, জাম, কাঁঠাল, বকুল, বট, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ শোভা পাচ্ছে সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। এ ছাড়াও শহরে শোভাবর্ধনের জন্য পৌর কর্তৃপক্ষ ও সড়ক বিভাগের অনুমতি নিয়ে শহরের রোড ডিভাইডারগুলোতে গড়ে তোলেন ফুলের বাগান। বাগানগুলো দেখাশোনার পাশাপাশি পরিচর্যাও করছেন তিনি।

স্থানীয় ফরিদ হোসেন বলেন, ‘আনোয়ারের লাগানো গাছ জেলার বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে। তাকে যদি সরকারিভাবে সহযোগিতা করা হয়, তাহলে হয়তো এ কাজটি আরও বড় পরিসরে করতে পারবেন তিনি।’

কলেজছাত্র রিপন আহমেদ বলেন, ‘আনোয়ার ভাই যে গাছগুলো লাগিয়েছেন, সেই গাছে এখন ফল ধরছে। আমের মৌসুমে আমরা তার লাগানো গাছের আম খাই। এ ছাড়া তার এমন বৃক্ষরোপণের কারণে জলবায়ুর নেতিবাচক প্রভাব অনেক অংশে কমে আসবে।’

সদরের টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আনোয়ার হোসেন বলেন, ‘প্রকৃতি মানুষের জীবনের অপরিহার্য অংশ। এ জন্য মানুষের সুস্থ জীবনের প্রত্যাশায় ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই গাছ লাগাই আমি। সৃষ্টিকর্তা যতদিন আমাকে সুস্থ রাখবেন, ততদিনই জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে যেন আমি এ কাজটি করতে পারি।’

এ বিষয়ে হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, ‘আনোয়ার হোসেন এরই মধ্যে জেলায় একজন বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তার লাগানো

গাছ আমার ইউনিয়নসহ জেলার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে। তার এ কাজে আমিও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত