করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবায় প্রস্তুত চট্টগ্রাম

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৫৩ পিএম

করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২ কে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি করোনা রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। 

বুধবার (১১ জুন) দুপুরে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন-কক্ষে অনুষ্ঠিত জরুরি প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চারটি ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আরটি-পিসিআর ল্যাব থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনা পরীক্ষা হবে। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালু করা হবে। এই কেন্দ্র থেকে মানুষ করোনা রোগের বিষয়ে তথ্য জানতে পারবেন। 

প্রস্তুতি সভায় মেয়র শাহাদাত হোসেন আরো বলেন, ‘করোনা নিয়ে ভয়ের কিছু নেই। সবাইকে ভয়মুক্ত থাকতে হবে। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা এখন অনেক বেশি অভিজ্ঞ। গতবারের অভিজ্ঞতার আলোকে এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগেরবার যেভাবে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে, এবারও সেভাবে মোকাবিলা করা হবে।’ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী, চট্টগ্রামে গত এক সপ্তাহে চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, করোনা রোগীদের পরীক্ষার জন্য পাঁচ হাজার কিটের চাহিদা দেওয়া হয়েছে। তা কাল-পরশুর মধ্যে চলে আসবে। আর নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য উপজেলা পর্যায় থেকে স্বাস্থ্য সহকারীদের চমেক হাসপাতালে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। চিকিৎসক ও নার্স নিয়োজিত করা হয়েছে। প্রস্তুতি সভায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে ৮০ হাজার ভ্যাকসিন মজুত রয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পাঠানো হয়েছে। 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আকরাম হোসেন বলেন, জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য ১৫টি সাধারণ শয্যা ও ৫টি আইসিইউ শয্যা রয়েছে। করোনা রোগীদের জন্য খুবই প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহের পূর্ণাঙ্গ সুবিধা রয়েছে। আর যন্ত্রপাতির বিষয়টি দ্রুত ঠিক করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত