লর্ডসে নেমেই তোপ 'কোকেনসেবী' রাবাদার, অজিরা ২১২

আপডেট : ১১ জুন ২০২৫, ১০:০৪ পিএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনেই আধিপত্য দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার আগুন ঝরা পেস তোপে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র ২১২ রানে। দুর্দান্ত এক স্পেলে ৫১ রানে ৫ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মার্কো ইয়ানসেন। ৪৯ রানে যিনি নিয়েছেন ৩ উইকেট। কেশব মহারাজ ও এইডেন মারক্রাম একটি করে উইকেট নিয়েছেন।

চা-বিরতির পর মাত্র ৬.৪ ওভারে পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দিনের শুরুতে প্রথম সেশনেও প্রোটিয়াদের দাপট ছিল চোখে পড়ার মতো—প্রথমেই চার উইকেট তুলে নেয় তারা। সব মিলিয়ে ম্যাচের শুরুটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার পক্ষে দিনের একমাত্র উজ্জ্বল মুখ ছিলেন স্টিভ স্মিথ। প্রথম সেশনে যখন একের পর এক উইকেট পতন, তখন হাল ধরে রাখেন সাবেক এই অধিনায়ক। দ্বিতীয় সেশনে তুলে নেন তাঁর ৪২তম টেস্ট ফিফটি। ১১২ বলে ৬৬ রান করে দুর্দান্ত এক স্লিপ ক্যাচে মারক্রামের বলে বিদায় নেন স্মিথ। ক্যাচটি নেন মার্কো ইয়ানসেন।

স্মিথের বিদায়ের পর কিছুক্ষণ লড়াই চালিয়ে যান ম্যাট ওয়েবস্টার। তিনিও দ্বিতীয় টেস্ট হাফসেঞ্চুরি পূর্ণ করেন এবং স্মিথের বিদায়ের পর এক পাশ আগলে রাখেন। যদিও ইয়ানসেন ও রাবাদার আগ্রাসী স্পেলের সামনে তিনিও বেশ কিছু সময় অস্বস্তিতে ছিলেন।

প্রথম সেশনে প্রোটিয়াদের সাফল্যের পেছনে ছিল অসাধারণ স্লিপ ফিল্ডিং এবং কিপার কাইল ভেরেনের দারুণ ক্যাচিং। সপ্তম ওভারেই রাবাদা তুলে নেন উসমান খাজা ও ক্যামেরন গ্রিনের উইকেট। এরপর ইয়ানসেন ফেরান মার্নাস লাবুশেনকে। প্রথম ঘণ্টাতেই অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে ফেলে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের জন্য এটি প্রথমবারের মতো ডব্লিউটিসি ফাইনাল, আর অস্ট্রেলিয়া এসেছে শিরোপা ধরে রাখতে—২০২৩ সালে ভারতকে ২০৭ রানে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবে লর্ডসের মঞ্চে শুরুটা একেবারেই মনমতো হয়নি প্যাট কামিন্সদের জন্য।

প্রথম দিন শেষে বলাই যায়—রাবাদা-ইয়ানসেনদের আগুনে বোলিংয়ে ম্যাচের লাগাম এখন দক্ষিণ আফ্রিকার হাতেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত