চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সৌদ্বীপ কলোনিতে গত রবিবার রাত সাড়ে ১০টায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ মোহাম্মদ আরিফ (১৫) নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আরিফ সৌদ্বীপ কলোনির বাসিন্দা ফয়েজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় ছাত্রদলের ইউনিট কর্মী ছিলেন।
নিহতের পরিবার অভিযোগ করেছে, সৌদ্বীপ কলোনির কুখ্যাত সন্ত্রাসী মো. সুমন ও তার ভাই ভুট্টুর অনুসারীরা আরিফকে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সুমন-ভুট্টু ও সাখাওয়াত নামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সুমন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখার সভাপতি এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।
ঘটনার রাতে সুমন ও ভুট্টু সশস্ত্র লোকজন নিয়ে সিএনজি অটোরিকশায় কলোনিতে প্রবেশ করেন। স্থানীয়রা তাদের ধাওয়া করলে তারা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান। এ সময় একটি গুলি আরিফের পেটে লাগে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও তিনি বাঁচেননি। ঘটনার পর ক্ষুব্ধ জনতা সুমনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করেছে।
