রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে প্রায় দুই ঘণ্টা রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। অবরোধ কর্মসূচির কারণে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে অবরোধ উঠে গেলেও সকালের ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের সব ট্রেনই বিলম্বে যাত্রা করে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রেললাইনের ওপর অবস্থান নেন স্থানীয়রা। এতে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যের কয়েকটি ট্রেন আটকা পড়ে। সকালে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে নন্দনগাছিতে। ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ও চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস আরেকটি স্টেশনে রাখা হয়। ঢাকাগামী বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও রাজশাহী স্টেশনে থেকে যায়। সকাল সাড়ে আটটার দিকে অবরোধ তুলে নেওয়ার কিছুক্ষণ পর ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীরা কথা বলার পর তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। এর পরপরই ট্রেন চলাচল শুরু করে। দেড় ঘণ্টা বিলম্বে ৮টা ৫০ মিনিটে সিল্কসিটি ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশে। এরপর থেকে একে একে অন্য রুটে ট্রেন চলাচল শুরু হয়।
১৯২৯ সালে উপজেলার নন্দনগাছি স্টেশনটি স্থাপিত হয়। শতবর্ষী স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় ২০১৫ সালের শেষের দিকে। বর্তমানে এখানে শুধু পোর্টারম্যান পদে একজন কর্মরত আছেন। এখানে দুটি লোকাল ট্রেন থামে। প্রায় ২০ বছর ধরে বন্ধ এই স্টেশনের কোনো কার্যক্রম নেই। পুরো স্টেশনের প্ল্যাটফর্মে ছাউনি আছে। স্টপেজ না থাকলেও অনেক সময় ক্রসিংয়ের জন্য দাঁড়ায় ট্রেন। এর আগে একই দাবিতে গত ১ মে আন্তঃনগর ট্রেন থামিয়ে বিক্ষোভ করে হাজারো মানুষ।
