নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৫

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৪৫ এএম

নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল-ইজিবাইককে সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে সাইফুল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ দুপক্ষের আরও অন্তত ২৫ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার বেলাব ও চর বেলাব গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে গত বুধবার বিকেলে বেলাব মাটিয়ালপাড়া ও চর বেলাব গ্রামের মধ্যে হোসেন আলী কলেজমাঠে ফুটবল খেলা হয়। ফুটবল খেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেওয়াকে কেন্দ্র করে বেলাব উপজেলার চর বেলাব এবং মাটিয়ালপাড়ার দুই যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় তাদের হামলায় তিনজন গুরুতর আহত হয়। এ ঘটনার জের ধরে আবার গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরও চড়াও হয় বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মারা যান সাইফুল মিয়া।

সংঘর্ষে আহত বেলাব থানার এসআই নাজমুল হুদা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করার চেষ্টা করি। আমাদের সঙ্গে নিরাপত্তামূলক সরঞ্জাম ছিল না। তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি মাথায় ইটের আঘাতে রক্তাক্ত হই। পরে হাসপাতালে ভর্তি হই।’

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনজুর-ই-মুশফিকা ফেরদৌস বলেন, ‘সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ১০ পুলিশ সদস্যসহ ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত