তাপপ্রবাহের মধ্যে ঢাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৯:৪৩ এএম

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টির পূর্বাভাস। রাজশাহীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে রাজধানী ঢাকায় সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অফিস জানায়, ঢাকাসহ আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।

ভোর ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল সর্বোচ্চ ৩৫ দশমিক ২ ডিগ্রি। তবে গেল ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে, আর আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ১১ মিনিটে।

অন্যদিকে, দেশের বিভিন্ন বিভাগে বজায় রয়েছে গরমের প্রকোপ। রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বিভাগের বিভিন্ন স্থানে আজ সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রংপুর বিভাগে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এখানেও ১-২ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ এই বিভাগেও কয়েকটি স্থানে বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে।

সিলেটেও মৃদু তাপপ্রবাহ বজায় রয়েছে, তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে, কিছু এলাকায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে তাপপ্রবাহের পাশাপাশি ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম শহরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ দশমিক ৮ ডিগ্রি।

খুলনা বিভাগের যশোর, খুলনা ও চুয়াডাঙ্গায়ও তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ১-২ স্থানে বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগেও আজ কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দেশজুড়ে গরমের তীব্রতা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা আশার আলো দেখাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার মধ্যেই দেশের নানা স্থানে স্বস্তির বৃষ্টি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত