ইসরায়েলের হাতে তেহরানে ব্যাপক হামলার পর এখন গোটা দুনিয়ার চোখ ইরানের প্রতিক্রিয়ার ওপর। ইরানের রাজধানীর পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আজ শুক্রবার ভোর ৪টার সময় ইসরায়েল অন্তত পাঁচ দফায় হামলা চালায়। বিস্ফোরণের শব্দে তেহরান কেঁপে উঠে। হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং জানান, ইরান শিগগিরই পাল্টা হামলা চালাতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতিতে ইরান কী পরিকল্পনা নিয়েছে?
ইরানের প্রতিক্রিয়া ইতোমধ্যেই স্পষ্ট। শীর্ষ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।” ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)ও প্রধান কমান্ডার হোসেইন সালামির হত্যার প্রতিশোধ নিতে প্রস্তুত বলে ঘোষণা করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছে, হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বড় মূল্য দিতে হবে।
তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার প্রভাব পড়েছে, যেখানে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হামলায় নিহত হয়েছেন আইআরজিসি প্রধান হোসেইন সালামি ছাড়াও দুইজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। ফেরেয়দুন আব্বাসি, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই)-এর সাবেক প্রধান এবং মোহাম্মদ মেহেদী তেহরানচি, তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, উভয়ই প্রাণ হারিয়েছেন। এছাড়াও, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রেভল্যুশনারি গার্ডের সংবাদসংস্থা ফার্স নিউজ।
এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোগী শামখানি গুরুতর আহত হয়েছেন, যদিও খামেনি নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।
ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, “যে আমাদের চ্যালেঞ্জ করবে তাকে চড়া মূল্য দিতে হবে।” তিনি এই সংঘাতকে “অস্তিত্ব রক্ষার লড়াই” হিসেবে বর্ণনা করেছেন।
বর্তমানে ইরানের প্রতিক্রিয়া ও হামলার পরবর্তী পরিকল্পনা বিশ্বরাজনীতিতে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পারমাণবিক আলোচনার মাঝেই এই সামরিক সংঘাত দীর্ঘস্থায়ী সংকটের সম্ভাবনা জোরালো করছে। ইরানের কড়া প্রতিশোধের প্রস্তুতি ও বিশ্ব সম্প্রদায়ের নজর এখন সম্পূর্ণভাবে তেহরানে।
ইসরায়েলের হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান
৫ দফা ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল