বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত যুবক বিদ্যুৎ শেখের (২৫) লাশ নিয়ে তার স্বজন ও স্থানীয় এলাকাবাসী খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শহরের ফুলবাড়ি কলেজ রোড এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টায় সড়ক অবরোধ করেন তারা।
এর আগে শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কাটনারপাড়া এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত বিদ্যুৎ শেখ শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণ পাড়া এলাকার দুলাল শেখের ছেলে। এদিকে শুক্রবার রাতে নিহতের পিতা দুলাল শেখ বাদী সদর থানায় হত্যা মামলা দায়ের করেছে।
সদর থানা পুলিশ, স্থানীয় প্রত্যক্ষর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সাথে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পিছনে বিদ্যুৎকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান রনি। ঘটনার কিছুক্ষণ আগে বিদ্যুতের মোবাইলে একটি ফোন আসে। তারপরই এঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ওই গ্যারেজ ও আশপাশে মাদক কেনাবেচা চলতো। মাদকের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিহত বিদ্যুতের স্বজন ও বৃন্দাবনপাড়া এলাকাবাসী মিছিল নিয়ে শহরের ফুলবাড়ি কলেজ রোডে এসে জড়ো হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকে। এ সময় বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে।
এলাকাবাসী বলেন, আমরা ন্যায়বিচার চাই, অপরাধীরা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং সবার প্রতি শান্তিপূর্ণ সহমর্মিতার আহ্বান জানান। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করে নেয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, বিদ্যুৎ হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা খুনিদের শনাক্ত করতে পেরেছি। অতিদ্রুত খুনিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুনিদের গ্রেপ্তার করা গেলে ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
