কুমিল্লার মুরাদনগরে এক মহিলার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশনায় মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে লাশটি দাফন করেন উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
লাশ দাফনে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি মু. হাজী আবদুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক আবু বকর সরকার, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্মসহ উভয় সংগঠনের নেতাকর্মীরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত নারী মানসিকভাবে অপ্রকৃতস্থ এবং শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়েছিলেন। এক মাস আগে স্থানীয় লোকজন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এক মাস ধরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিকভাবে অনেকটা সুস্থও হয়েছিলেন। কিন্ত শুক্রবার (১৩ জুন) রাতে তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে খোঁজ করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানা যায়।
হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, মহিলাটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে সবাই তার অনেক খেয়াল রেখেছে। হাসপাতালের অনেক রোগীরা তাকে অনেক সময় সহযোগিতা করেছে। হাসপাতালে আউটসোর্সিংয়ে কাজ করা হোসনা আক্তার নামে এক কর্মচারী শুরু থেকেই তাকে অনেক সেবা যত্ন করেছেন বলেও তারা জানান।
মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মু. নাজমুস সাকিব তন্ময় বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের বেওয়ারিশ লাশের কথা জানান এবং লাশের দাফনের ব্যাপারে আমাদের সঙ্গে আলোচনা করেন। আমরা জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লাশটিকে দাফন করার ব্যবস্থা করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলাম মানিক বলেন, একমাস আগে মহিলাটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কিছু মানুষ। মহিলাটির স্মৃতিশক্তি ছিল না, এমনকি তিনি তার নাম ও পরিচয় বলতে পারতেন না। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা মিলে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালে ঘুষ না পেয়ে রোগীকে মারধর
বাসায় ফিরেছেন জাহিদ হাসান