ইরানে মোসাদের ২ সন্দেহভাজন এজেন্ট গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:৩৩ পিএম

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির আলবুর্জ প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস তৈরির সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান।

এদিকে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের পারমাণবিক স্থাপনা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘উন্নত’ করে এমন অন্যান্য স্থানগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে।

শনিবার রাতে তেহরানের কাছে একটি তেল ডিপো এবং একটি জ্বালানি ট্যাঙ্কেও ইসরায়েল হামলা চালিয়েছে, যার ফলে বড় ধরনের আগুন লেগেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ অনুসারে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। রাতভর হামলায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ইরান আগে জানিয়েছিল, সম্প্রতি ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত