পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৭:৫৫ এএম

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গত শনিবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৩ নম্বর সাব-পিলার এলাকায় গুলিবিদ্ধ হন রাজু।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, রাজু ঘাগড়া সীমান্ত এলাকার ঝুলিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। গত শনিবার রাতে রাজুসহ চার-পাঁচ যুবক ঝুলিপাড়া সীমান্তের কাছে গরু আনতে যায়। এ সময় ওই সীমান্তের বিপরীতে ভারতের কাঞ্চজঙ্ঘা বিওপির ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে সবাই পালিয়ে এলেও রাজুর দুই পায়ে গুলি লাগে। ঘটনাস্থলের পাশেই বাড়ি হওয়ায় গুলিবিদ্ধ অবস্থায় রাজু বাড়ি ফেরেন। আহতাবস্থায় পরিবারের সদস্যসহ স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গতকাল সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

এদিকে বিএসএফের গুলিতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা। নিহতের পরিবারের পক্ষ থেকেও একই দাবি করা হয়। তবে পুলিশ বলছে, প্রাথমিক সুরতহালে মরদেহের পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত