যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা

ইতিহাসে প্রথম নারী প্রধান পেল এমআই সিক্স

আপডেট : ১৬ জুন ২০২৫, ১১:১০ পিএম

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এমআই সিক্সের ১১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সংস্থাটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। বিবিসি লিখেছে, ১৯৯৯ সালে সিক্রেট সার্ভিসে যোগ দেওয়া ব্লেইজ মেট্রেওয়েলি সংস্থার অষ্টাদশ প্রধান হতে যাচ্ছেন। চলতি বছরের শেষ দিকে রিচার্ড মুরের স্থলাভিষিক্ত হবেন তিনি। মেট্রেওয়েলি বর্তমানে এমআই সিক্সের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের দায়িত্বে আছেন। তার এই নিয়োগকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এমআই সিক্সের প্রধান কাজ হলো বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে যুক্তরাজ্যের নিরাপত্তা নিশ্চিত করা। এর মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাসবাদ রোধ, শত্রু রাষ্ট্রগুলোর কার্যক্রম ব্যাহত করা এবং সাইবার নিরাপত্তা শক্তিশালী করা। এই সংস্থার প্রধান ‘সি’ কোড নামে পরিচিত। এমআই সিক্স প্রধানই কেবল প্রকাশ্যে থাকেন। বিবিসি জানিয়েছে, গোয়েন্দা সংস্থাটির প্রধান হিসেবে তার মূল দায়িত্ব হবে গোপন এজেন্টদের পরিচয় রক্ষা করা এবং শত্রুদের মোকাবিলায় চীনের বায়োমেট্রিক নজরদারির মতো নতুন উপায় বের করা। নিয়োগ পাওয়ার পর মেট্রেওয়েলি বলেন, যুক্তরাজ্যের নাগরিকদের নিরাপত্তা রক্ষায় এবং বহির্বিশ্বে দেশের স্বার্থ রক্ষায় অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ এবং সাইবার তথ্যভিত্তিক গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউয়ের সহায়তায় এমআই সিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এমআই সিক্সের সাহসী কর্মকর্তা ও এজেন্টদের সঙ্গে এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এই কাজ চালিয়ে যেতে আগ্রহী।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে পড়া মেট্রেওয়েলি এর আগে এমআই ফাইভের পরিচালক পর্যায়ের দায়িত্বে ছিলেন। তিনি বেশির ভাগ সময় মধ্যপ্রাচ্য ও ইউরোপে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে রাজার জন্মদিনের আন্তর্জাতিক উদযাপনে মেট্রেওয়েলি বিশেষ সম্মাননা পান। যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে অবদানের জন্য তাকে ‘অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ (সিএমজি)’ উপাধিতে ভূষিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত