বিস্ফোরক আইনের মামলায় খালাস এ্যানিসহ ৮ জন

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:০৮ এএম

এক যুগ আগে দায়ের করা রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ নয়জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্যরা হলেন, বিএনপি নেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার ও মো. সালাউদ্দিন।

এ বিষয়ে এ্যানির আইনজীবী মহি উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্যায় থেকে আসামিদের খালাস দেওয়া হয়েছে। এ মামলা চলার মতো কোনো উপাদান না থাকায় আদালত এ পর্যায়ে মামলাটি নিষ্পত্তি করে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলের ডাকা হরতাল চলাকালে রাজধানীর সূত্রাপুর থানাধীন এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে ওই গাড়ির পাঁচজন দগ্ধ হন। এ ঘটনার পরদিন ১১ নভেম্বর তৎকালীন পুলিশ উপপরিদর্শক নয়ন ফারকুন বাদী হয়ে বিস্ফোরক আইনে সূত্রাপুর থানায় মামলা করেন। মামলায় বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ২১ মে ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার আলম আজাদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে এ মামলায় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ নয়জনের বিচার শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত