জুলাই-আগস্টে সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশক্রমে গতকাল মঙ্গলবার একটি ইংরেজি ও একটি বাংলা জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলার নম্বর, তাদের নাম, ঠিকানা উল্লেখ করে দুজনকে আগামী ২৬ জুনের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, নির্ধারিত তারিখে তারা হাজির না হলে ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) অ্যাক্ট, ১৯৭৩-এর ১০-এ ধারা অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন হবে।
এর আগে গত সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেয়। এ মামলায় তিন আসামির মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার অন্য দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানিয়ে ওইদিন ট্রাইব্যুনালের কাছে পরবর্তী আইনি নির্দেশনার আর্জি জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
