‘কিংবদন্তি’ বাজ্জোর থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত মেসি

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

নীল জার্সি হাতে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। মুখে হাসি, চোখেমুখে উচ্ছ্বাস। পাশে রবার্তো বাজ্জো—ইতালিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি। বয়সের ছাপ স্পষ্ট, মাথায় আর নেই সেই বিখ্যাত ঝুঁটি ‘ডিভাইন পনিটেইল’। কিন্তু হাসিটা রয়ে গেছে আগের মতোই উজ্জ্বল। দুজনের এই হৃদয়স্পর্শী মুহূর্ত ছুঁয়ে গেছে ফুটবল দুনিয়াকে।

ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ড্রেসিংরুমে বাজ্জোর হঠাৎ আগমন যেন চমক দিয়েছিল মেসিকেও। যদিও অবাক হলেও স্বাগত জানাতে দেরি করেননি আর্জেন্টাইন মহাতারকা। অনুশীলনের মাঝেই ঘটে গেল আবেগঘন সেই সাক্ষাৎ।

মেসির হাতে তুলে দেওয়া সেই জার্সি শুধু একটি পোশাক নয়, এক টুকরো ইতিহাস। ১৯৯৪ বিশ্বকাপের আসল জার্সি, যার পেছনে বাজ্জোর বিখ্যাত ১০ নম্বর। সেই বিশ্বকাপে টাইব্রেকারে বাজ্জোর মিস করা পেনাল্টিতেই শিরোপা হাতছাড়া হয় ইতালির। তবে সে স্মৃতি ছাপিয়ে উঠেছে সম্মান আর বন্ধুত্বের উষ্ণতা।

মেসি ইনস্টাগ্রামে সেই ছবিটি পোস্ট করে লেখেন,‘কী সুন্দর ছবি! এ বিশেষ ও অর্থপূর্ণ উপহার ও দারুণ সব কথার জন্য ধন্যবাদ রবার্তো। আপনি ফুটবলের ঐতিহাসিক কিংবদন্তি। আপনি যখন আমাদের সঙ্গে দেখা করতে চান, তখন আপনাকে স্বাগত জানাতে পারাটা সব সময়ই আনন্দের।’

জবাবে বাজ্জোও মেসির পোস্টে মন্তব্য করেন,‘বন্ধু, তোমার সঙ্গে দেখা করতে পারাটা সম্মানের ও আনন্দের।’

৫৮ বছর বয়সী বাজ্জো শুধু উপহার হাতে নয়, পরিবার নিয়েই এসেছেন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ দেখতে। বোকা জুনিয়র্সের ম্যাচে তাঁর ও মেয়ের গলা ফাটাতে দেখা গেছে প্রিয় আর্জেন্টাইন ক্লাবের সমর্থনে।

তবে এটাই প্রথম সাক্ষাৎ নয়। বহু বছর আগে পেপ গার্দিওলার বার্সেলোনার ড্রেসিংরুমেও দেখা হয়েছিল তাঁদের। তখন থেকেই শুরু বন্ধুত্ব। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে মেসিকে ‘বিশ্বসেরা’ বলেও প্রশংসা করেছিলেন বাজ্জো। বলেছিলেন,‘সে গোল করতে চাইলে তা পারে। তার পাশে খেলতে পারলে ভালো লাগত। এমনকি সেটা এখনো চাই।’

ফুটবলের দুই প্রজন্ম, দুই মহাতারকার বন্ধুত্ব আর সম্মানের এই গল্প আবারও মনে করিয়ে দিল—এই খেলাটার হৃদয় কতটা বিশাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত