গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন উপজেলা ছাত্রদলের সদস্য আমিরুল ইসলাম (২৪)। আজ বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ছাত্রদলের গফরগাঁও উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল রায়হান অপু জানান, গত ১৩ এপ্রিল দুপুরে আমিরুল মোটরসাইকেলে করে যশরা ইউনিয়নের দৌলতপুর মানেখা বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আমিরুল ইসলাম গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাসিন্দা সূর্যত আলীর ছেলে। ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত