এনসিসি গঠনের বিরোধিতা ফ্যাসিবাদ টিকিয়ে রাখার চেষ্টা: নাহিদ ইসলাম

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিরোধিতা মানে দেশে ফ্যাসিবাদী কাঠামো ধরে রাখার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের তৃতীয় বৈঠকের ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানতে চাই, আপনারা কি আগের ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান? কারণ, কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে মত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসির বিরোধিতা করছে, তারা মূলত সেই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে থেকেই চলতে চায়।’

তিনি আরও বলেন, ‘মানবাধিকার কমিশন দীর্ঘ ১৬ বছরে দেশের মানুষের পক্ষে একবারও মুখ খোলেনি। একইভাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে। কারণ, এ সংস্থাগুলো একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির অধীনস্থ হয়ে পড়েছিল।’

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাহী বিভাগের অযৌক্তিক ক্ষমতা হ্রাস করে ভারসাম্য তৈরি করতেই আমাদের নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এই উদ্দেশ্যে আমরা এনসিসি গঠনের প্রস্তাবকে সমর্থন করেছি। তবে এনসিসির কাঠামো কেমন হবে, তা নিয়ে আরও আলোচনার দরকার আছে।’

তিনি মত দেন, ‘এনসিসির সদস্য হিসেবে সশস্ত্র বাহিনীর প্রধানকে রাখা উচিত নয়। একইভাবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির উপস্থিতিও এই কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত