অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান পুলিশের দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম। তিনি বলেছেন, নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় প্রস্তুত থাকবে। গতকাল বুধবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মে-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ডিউটি পোস্টে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ও নির্বাচন প্রস্তুতিতে জোর দিয়ে আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট। ডিএমপির কাছ থেকে জনগণ উৎকৃষ্ট সেবা ও পেশাদারিত্ব আশা করে। থানা এলাকায় মোবাইল ডিউটি, গার্ড ডিউটি এবং কূটনৈতিক দায়িত্ব পালনকালে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, যাতে কর্মকর্তাদের মনোযোগ ও দায়িত্বপালনে কোনো বিঘœ না ঘটে। তিনি বলেন, দল-মত নির্বিশেষে জাতীয় স্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি সফল নির্বাচন উপহার দিতে হবে। জনগণের কল্যাণে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে এই প্রক্রিয়া সফল করতে হবে। নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি সবসময় প্রস্তুত থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দাগি আসামিদের গুরুত্বপূর্ণ ওয়ারেন্ট তামিল আরও বাড়াতে হবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কাজের গতি আরও বাড়িয়ে ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করতে হবে। এ ছাড়া ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করে সিআইএমএসে দ্রুত অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই আন্দোলনের মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তি করতে হবে।
অপরাধ পরিস্থিতি পর্যালোচনা ও পুরস্কার বিতরণী সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন মে মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা-সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
মাসিক অপরাধ সভায় মে মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বিধানসহ উত্তমকাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
