বগুড়ায় পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পাঁচ দিন পর ডিবির বিশেষ অভিযানে বুধবার দিবাগত রাত ৩টার দিকে জেলার সোনাতলার নওদাবগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। এর আগে গত রবিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় নিশানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। এসময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন শহরের উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫)।
গ্রেপ্তার আসামি মুরাদুন্নবী নিশান বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি (ওলির বাজার) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, চুরি ও সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, ওয়ারেন্টভুক্ত আসামি নিশানকে ধরতে গেলে হঠাৎ একটি দোকানে ঢুকে পড়ে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারালো ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১৬ জুন বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার নিশান একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। পুলিশের ওপর হামলা করে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।
