রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-নগদের ডিস্ট্রিবিউটরের কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বহিষ্কৃত কনস্টেবল গোলাম মোস্তফার (৫০) পরিকল্পনায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মোস্তফা ছাড়াও এই চক্রে রয়েছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩), মো. হাসান (৩৫), মো. ইমদাদুল শরীফ (২৮) ও মো. সাইফুল ইসলাম ওরফে শিপন (২৭)।
গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি), উত্তরা বিভাগ ও উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৪ লাখ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহƒত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে র্যাব ও পুলিশের নকল আইডি কার্ড, লাঠি, সিগন্যাল লাইট, সেনাবাহিনীর লোগোসহ মানিব্যাগ, বিভিন্ন ব্যাংকের চেকবই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম বলেন, মামলার পর প্রথমে মাইক্রোবাসের চালক মো. হাসানকে খিলগাঁও থেকে গ্রেপ্তার করে। পরে গাড়িটি জব্দ করা হয় ও মূলহোতা শাহিনকে গ্রেপ্তার করে টাকা উদ্ধার করা হয়।
