ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের ‘সম্মানিত মানুষদের’ আনন্দিত করেছে: খামেনি

আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৫৮ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের ‘সম্মানিত মানুষদের’ আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ শেয়ার করা এক ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন।

আজ শুক্রবার আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওর শুরুতে গাজার বেসামরিক মানুষদের ওপর ইসরায়েলি হামলার চিত্র দেখানো হয়। পরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য, ইসরায়েলে তার প্রভাব এবং হামলার পর জনতার উল্লাসের চিত্র উঠে আসে ভিডিওটিতে।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে।’ ধারণা করা হচ্ছে, এই বক্তব্য মূলত ফিলিস্তিন ও মুসলিম বিশ্বে ইরানের অবস্থানকে আরও দৃঢ় করতে এবং সমর্থকদের আবেগ জাগাতে প্রকাশ করা হয়েছে।

এই ভিডিও প্রকাশের সময়টিও তাৎপর্যপূর্ণ। কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা চরমে উঠেছে। দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছে বিশ্লেষকেরা।

এদিকে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক হাসপাতালে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে তিনি বলেন, “আয়াতুল্লাহ খামেনিকে আর বাঁচতে দেওয়া যায় না।”

ইসরায়েলি আর্মি রেডিওর বরাত দিয়ে জানানো হয়েছে, গুশ দান এলাকা লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকটি সাব-ক্ষণাস্ত্র বহন করছিল। মূল ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর খণ্ডিত হয়ে আশপাশের এলাকায় বিস্ফোরণ ঘটায়, ফলে বেশ কয়েকটি জায়গায় ক্ষয়ক্ষতি হয়।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ার এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের নেতাদের এমন বক্তব্যকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত