সীমান্তে আরও ৩০ জনকে পুশইন

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:২১ এএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গা, ফেনীর ছাগলনাইয়া ও সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে আরও ৩০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এর মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ১৩, ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্ত দিয়ে ১১ এবং সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) : মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ের তানাক্কাপাড়া দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। গতকাল সকালে তাদের হেফাজতে নিয়ে স্থানীয় ডিপি পাড়া আচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়।

এ নিয়ে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১৪৫ জন জনকে পুশইন করল বিএসএফ।

ছাগলনাইয়া (ফেনী) :  ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্ত দিয়ে গত বুধবার রাতে নারী-শিশুসহ ১১ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে সাতজন নারী ও তিন শিশু রয়েছে।

বিজিবি জানায়, গত বুধবার রাত ২টার দিকে উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগে ১১ জনকে পুশইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। ফেনীর ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

সাতক্ষীরা : জেলার কুশখালি সীমান্ত দিয়ে চার নারী ও দুজন পুরুষসহ ছয়জনকে পুশইন করেছে বিএসএফ। পরে বিজিবি তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, পুশইন করা ব্যক্তিরা বিভিন্ন সময়ে ভারতে যায়। পরে দেশটির পুলিশ মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। এরপর পশ্চিমবাংলার ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করে। বুধবার রাতেই তিনজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনকে গতকাল রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত