ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে তারাকান্দার রামচন্দ্রপুর এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজি এবং রাত সাড়ে ৮টায় ফুলপুরের কুরিয়ার ব্রিজে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় হিমালয় ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে রাত ৮টার দিকে মারা যান তিনি।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, ঘটনাস্থলে নিহত দুইজনের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। বাকি একজন ময়মনসিংহ মেডিকেলে মারা গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ সংলগ্ন স্থানে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়েছে।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
