২০২৪-২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচ দেরিতে শুরু বা বিরতির পর পুনরায় শুরুতে বিলম্ব করার দায়ে জরিমানা করা হয়েছে ম্যানচেস্টার সিটিকে। ক্লাবটিকে ১০ লাখ ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এই শাস্তি মেনে নিয়েছে ম্যানসিটি কর্র্তৃপক্ষ।
ইংল্যান্ডের শীর্ষ লিগে ম্যাচ ‘দেরিতে শুরু করার’ আইন ভাঙায় এক বছর আগেও ২০ লাখ পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল সিটির। এবার ঘরের মাঠে সাউদাম্পটন, টটেনহ্যাম হটস্পার, নটিংহ্যাম ফরেস্ট, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এবং ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও ইপসউইচ টাউনের মাঠে ম্যাচে আইন ভাঙায় সিটিকে জরিমানা করা হয়েছে। সবচেয়ে বেশি ওয়েস্ট হ্যাম ও ইপসউইচের বিপক্ষে দুই মিনিট ২২ সেকেন্ড দেরিতে খেলা শুরু হয়েছিল।
গেল মৌসুমে ইপিএলে তৃতীয় হওয়া সিটির বর্তমানে নজর ক্লাব বিশ্বকাপে। এই টুর্নামেন্টের আগের আসরের চ্যাম্পিয়ন ম্যানসিটি। তবে এবার ৩২ দল নিয়ে বড় পরিসরে হচ্ছে ক্লাব বিশ্বকাপ। এছাড়াও ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে আর্থিক নীতিমালা ভাঙার ১১৫টি অভিযোগে সিটির বিরুদ্ধে তদন্ত চলছে।
