সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ও ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অধ্যাদেশকে কালো আইন ও কর্মচারীবিরোধী উল্লেখ করে আইন বাতিলের দাবি জানান আন্দোলনরতরা। দাবির ব্যত্যয় হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ১৫ শতাংশ সুবিধা ভাতা প্রত্যাহারের দাবি জানিয়ে সমাবেশে আন্দোলনকারীরা বলেন, এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। এটি তাদের ক্ষতির কারণ হবে। পাশাপাশি নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়ারও দাবি তোলেন আন্দোলনকারীরা। এ সময় বক্তারা আরও বলেন, সরকারি চাকরি অধ্যাদেশের মাধ্যমে সরকার একটি কালো আইন তৈরির নজির দেখিয়েছে। এ আইনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং কর্মচারীরা বেশ ক্ষতিগ্রস্ত হবেন।
×
