আব্দুস সালাম বললেন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই

আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:৪৮ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে কথা হয়েছে।  এর বাইরে আর কোনো চিন্তা নেই। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই। তিনি আরও বলেন, ইসরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে।

এ ছাড়া, নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারণা যেন বাধাগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখতে হবে।

এর আগে গৌরাঙ্গবাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় আব্দুস সালাম বলেন, বিএনপির কোনো সাম্প্রদায়িক দল নয়। বিএনপি কখনো সাম্প্রদায়িকতায় বিশ^াস করে না। বিএনপিকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু অতীতেও কখনো সেটা সফল হয়নি, আগামীতেও হতে দেওয়া হবে না। 

শ্রী শ্রী গৌরাঙ্গদেব ট্রাস্ট বোর্ড পরিচালনা কমিটির সভাপতি বিদ্যুৎ নারায়ণ সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ম-লীর সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত