ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ভারতের সামনে বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করবে না, গোলামি করবে না। আজকেও যারা ভারতকে নিয়ে ক্ষমতায় যেতে চায়, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকেও উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে।
শনিবার বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দলীয় গণ সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন, কুড়িগ্রাম শাখা।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দেশে বৈষম্য চলছে। জুলাই-আগস্টে বৈষম্য দূর করতে জানের মায়া ত্যাগ করে আন্দোলন করেছিলাম। কিন্তু ৫ আগস্টের পরে আবারও জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি ও চাঁদাবাজি চলছে। এর জন্য আন্দোলন করিনি। চাঁদাবাজদের হাত ভেঙে দেওয়া হবে।
তিনি বলেন, আন্দোলন শেষ হয়নি, আন্দোলনের সূচনা হয়েছে। এবার সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন হবে চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারির বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। আন্দোলন হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। অথচ একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেরাই খুনাখুনি করছে।
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, এদেশ থেকে মাত্র ১৬ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা। দেশের প্রত্যেকের মাথার উপরে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ। তারা এদেশকে বিক্রি করার চক্রান্ত করেছে। ভারতের সাথে গোলামি চুক্তি করছে। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে। কিন্তু গোলামি করতে পারে না।
তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সকল ধর্মের মানুষদের নিয়ে সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে, ধনী গরিবের বৈষম্য দূর করা হবে। তাই সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কেউ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। এজন্য হাতপাখা মার্কায় চান তিনি।
ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহাজাহান মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দসহ জেলার জামায়াত ও এনসিপির নেতারা।
সমাবেশে শেষে জেলার ৪টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন নায়েবে আমির। দলীয় প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম-১ আসনে রাইসুল বারী রনি, কুড়িগ্রাম-২ আসনে নুর বখত, কুড়িগ্রাম-৩ আসনে সাবেক এমপি ডা. আক্কাস আলী ও কুড়িগ্রাম-৪ আসনে হাফিজুর রহমান।
