নির্বাচনের প্রস্তুতি চলছে তারিখ জানানো হবে সময়মতো : সিইসি

আপডেট : ২২ জুন ২০২৫, ০৭:২০ এএম

নির্বাচনের তারিখ এখনই নির্দিষ্ট করে বলা না হলেও সময় হলে তা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে এবং সরকারের সঙ্গে কমিশনের যোগাযোগ রয়েছে। গতকাল শনিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের  সঙ্গে আলাপকালে সিইসি এমন মন্তব্য করেন।

রোডম্যাপ কবে দেবেন এবং সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, সময় এলে আপনারা সবাই জানতে পারবেন। এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না। এটাকে  কর্মপরিকল্পনা বলতে পারেন। এটাকে রোডম্যাপ বলব না, আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিজ করতে হবে, সেগুলো কোনটা কোন সময় শুরু করব, কোন সময় শেষ  করব এটাকেই অনেকে রোডম্যাপ বলে, আমরা বলছি না। সেটা অবশ্যই আছে। যেকোনো অফিসের একটা কর্মপরিকল্পনা থাকবে। এত বড় একটা নির্বাচন হবে, একটা কর্মপরিকল্পনা আমাদের নিজস্ব ব্যবহারের জন্য। নট ফর শেয়ারিং এভরিবডি যে আপনারা জানুন। এটা নিজস্ব, সংশোধন হতে পারে, এদিক-ওদিক হতে পারে। একটা সম্ভাব্য একটা কর্মপরিকল্পনা প্রথম থেকেই করেছি তো।

সিইসি বলেন, যতই আপনি ইসিকে স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে, অফিসার, প্রশাসনের সহায়তা নিতে। সুতরাং সরকার একটা মুখ্য ভূমিকা রাখবে তো নির্বাচনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না, বিষয়টা এমন না। নির্বাচনের ডেট যথা সময়ে জানতে পারবেন। আমরা যথা সময়ে নির্বাচনে তফসিল ঘোষণা করব। সরকারের সঙ্গে এজন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন না। ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে। আমরা সরকারের ধারে কাছে নেই, একটা দ্বীপে আছি এমন তো না। সংস্কার কমিশনের সুপারিশ আছে, এর মধ্যে ইসি সংস্কার আছে, এর মধ্যে আমরা সম্পৃক্ত তো। এগুলোকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। সময় হলেই যোগাযোগ হবে।

এর আগে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার প্রতি জোর দেন। এ সময় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি মহাপরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত