ইরানের ড্রোন হামলায় ইসরায়েল হতবাক

আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:৪৭ এএম

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতে ইরানের ড্রোন হামলা নতুন মাত্রা যোগ করেছে। হামলার শুরু থেকেই ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলকে চমকে দিচ্ছে। গত শুক্রবার মধ্যরাতের পর থেকে ইরানের অত্যাধুনিক ড্রোন হামলায় হতবাক হয়ে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং বেসামরিক জনগণ। দেশটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু ড্রোন হামলা প্রতিহত করতে পারেনি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে গোলান মালভূমি, জেরুজালেম, হাইফা ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় থেমে থেমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাল্টা জবাবে ইসরায়েলও খোররামবাদ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তবে ইসরায়েল পরিস্থিতি নিয়ে অনড়।

গতকাল শনিবার তুরস্কের আঙ্কারায় ৫৭ দেশের ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) নেতারা বৈঠক করেছেন। ইউরোপেও শান্তি প্রক্রিয়া চলছে। তবে ইরায়েল স্পষ্ট জানিয়েছে, বিশ্বনেতাদের আলোচনার কোনো প্রভাব হবে না। অন্যদিকে তেহরান বলেছে, তারা আলোচনা নিয়ে আগ্রহী।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস কর্পস (আইআরজিসি) জানায়, ‘অপারেশন ট্র–প্রমিজ ৩’ এর অংশ হিসেবে ইসরায়েলে ১৮তম দফা হামলা চালিয়েছে তারা। এতে ব্যবহার করা হয়েছে শাহেদ-১৩৬ যুদ্ধ ও আত্মঘাতী ড্রোনের ঝাঁক এবং নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের দুটি ড্রোন দেশটির আকাশ প্রতিরক্ষা ভেদ করে হামলা চালিয়েছে, যা তাদের বিস্মিত করেছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, শনিবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে, যেখানে একটি দোতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম জানিয়েছে, ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে, তবে হতাহতের খবর নেই।

আইডিএফ জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল, যার মধ্যে বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করলেও অনেক ড্রোন আঘাত পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। সংঘাত শুরু থেকে প্রায় ৪৭০টির বেশি ড্রোন ইসরায়েল প্রতিহত করেছে।

ইরানের পাল্টা হামলায় খুজেস্তান প্রদেশের সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রেও হামলা চালানো হয়েছে। এ হামলায় খোররামাবাদ শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত নয় দিনে ৪০০’র বেশি ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এই সময় ৪৫৭টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

আঞ্চলিক শান্তির পথে ইসরায়েলকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র শুক্রবার ইরানের আট প্রতিষ্ঠান, একজন ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে এবং একটি জাহাজ অবরুদ্ধ সম্পত্তি হিসেবে ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানগুলি চীন থেকে সেন্সিটিভ যন্ত্রপাতি সংগ্রহে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

সূত্র: এএফপি, বিবিসি, সিএনএন, রয়টার্স, আলজাজিরা

সর্বশেষ সর্বাধিক পঠিত