কুমিল্লায় করোনাভাইরাস ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসক।
জানা গেছে, করোনায় মারা যাওয়া ব্যক্তি কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট হাসপাতাল। এ ছাড়া ডেঙ্গুতে মারা গেছেন দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা নুরুল আমিন (৫৫)।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, শুধু দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ।
জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন একজন, মারা গেছেন একজন। চলতি মাসে জেলায় মোট ৬৭টি করোনা পরীক্ষায় ১২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৫ শতাংশ। তবে এখনো কুমিল্লা জেলায় সরকারিভাবে করোনা পরীক্ষা শুরু হয়নি।
ডেঙ্গুর প্রকোপও বেড়েই চলেছে। সরকারি হিসাবে চলতি বছর কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের পাঁচ গুণের বেশি হতে পারে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির আহমেদ বলেন, ‘জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা ও ডেঙ্গু সংক্রমণের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।’
