আজ ২৩ জুন, দেশবরেণ্য বুদ্ধিজীবী, ‘নতুন দিগন্ত’ পত্রিকার সম্পাদক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন। তার জন্ম ঢাকার বিক্রমপুরে। পিতা হাফিজউদ্দীন চৌধুরী। মা আছিয়া খাতুন। স্ত্রী (প্রয়াত) ড. নাজমা জেসমিন চৌধুরী। দুই মেয়ে রওনক আরা চৌধুরী এবং শারমীন চৌধুরী।
তার শিক্ষাজীবন শুরু ঢাকার বিক্রমপুরে, পরে রাজশাহী ও কলকাতায়। দেশভাগের পর ঢাকায় ফিরে এসে সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিক, নটর ডেম কলেজ থেকে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ অনার্স, এমএ। পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা, লিডস বিশ্ববিদ্যালয় [যুক্তরাজ্য] ১৯৬০; পিএইচডি, লেস্টার বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য) ১৯৬৮। বর্তমানে আমৃত্যু ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১১৬টি।
জন্মদিন উপলক্ষে আজ সোমবার বিকেল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তিনি ‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা’ শীর্ষক বক্তৃতা দেবেন। বিজ্ঞপ্তি
