দুর্নীতির মামলায় স্ত্রীসহ খালাস পেলেন বিএনপির দুলু

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৩৯ এএম

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে খালাস দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মো. আবুল কাশেম দীর্ঘদিন সাক্ষী আদালতে না আসায় তাদের খালাস দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে ২০০৭ সালের ১৯ এপ্রিল দুদকের তৎকালীন সহকারী পরিচালক মাহফুজা দুলুর স্ত্রীসহ এ মামলাটি করে। তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নূর জাহান। ওই বছরের ২৯ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু। হাইকোর্ট তার আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। উচ্চ আদালতের সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক।

২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেয়। পরে ঢাকার বিশেষ জজ আদালত-১-এ দুলুর বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হলেও এ পর্যন্ত আর কোনো সাক্ষী আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত