শরীয়তপুরের নড়িয়া-জাজিরা কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট ওভারব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় পুরোটাই নদীতে ভেঙে পড়েছে। সোমবার (২৩ জুন) সকালে এই ঘটনা ঘটে।
এরআগে গত বছরের ২ অক্টোবর ওই ফুট ওভারব্রিজের পিলারে বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ে ব্রিজের অর্ধেক অংশ। এলজিইডি ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি অপসারণ না করায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।
স্থানীয়রা জানায়, বাল্কহেডটি সকাল সাড়ে ৬টার দিকে নড়িয়া পদ্মা নদী থেকে শরীয়তপুর সদর যাওয়ার পথে কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট ওভারব্রিজের পিলারে ধাক্কা লাগে। এ সময় দাড়িয়ে থাকা ওভারব্রিজের বাকি অংশটুকু বাল্কহেডের ওপর ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায়।
জেলা এলজিইডি সূত্রে জানা যায়, ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে গত বছরের মে মাসে ১০০ মিটার একটি ফুট ওভারব্রিজের কাজ শুরু হলেও শেষ করতে পারেনি এলজিইডি। ফুট ওভারব্রিজের দক্ষিণ পাশে নড়িয়া-জাজিরা সড়কের দীর্ঘদিন ধরে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর কাজ চলমান রয়েছে। তাই নদীতে পারাপারের জন্য চারটি ট্রলার দিয়ে মানুষ চলাচল করছে। এতে দুর্ভোগ হওয়ায় মানুষের হেটে যাওয়ার জন্য ফুট ওভারব্রিজটি করা হচ্ছিল। তবে, এ বিষয়ে জেলা ও উপজেলা এলজিইডি কর্মকর্তা বক্তব্য দেননি।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাল্কহেডের ধাক্কায় ফুট ওভারব্রিজটি নদীতে ভেঙে পড়ার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ওভারব্রিজ ভেঙে পড়া অংশ ও ঝুঁকিপূর্ণ জিনিসগুলো সরিয়ে নিচ্ছে এলজিইডি।
বিশ্বকাপের ভেন্যু নিয়ে ফিফাকে সতর্ক বার্তা বেলিংহ্যামের
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনের দাবি ইবি ছাত্রদলের