নির্বাচিত সরকার না থাকায় দেশে বাড়ছে মব জাস্টিস: আবদুল আউয়াল মিন্টু

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:০২ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দেশে মব জাস্টিসের ঘটনা ঘটছে কারণ এখন নির্বাচিত কোনো সরকার নেই।’ 

আজ মঙ্গলবার রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডসংলগ্ন আমির কমপ্লেক্সে বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণের এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে দেশের রাজনীতিতে নির্বাচন, সংস্কার, বিচার ও মব জাস্টিস—এই চারটি বিষয় নিয়েই বিতর্ক চলছে। নির্বাচিত সরকার না থাকার কারণেই মব জাস্টিসের মতো ঘটনা ঘটছে। যারা এতে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক।’

নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে মিন্টু বলেন, ‘নির্বাচন ঠেকাতে সংস্কার ও বিচার প্রক্রিয়ার অজুহাতে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে। অথচ নির্বাচন সম্পন্ন হওয়ার পরেও সংস্কার ও বিচার কাজ চালানো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। দেশের উন্নয়নের স্বার্থে সব সময় সংস্কারের প্রয়োজন হয়। বিচার প্রক্রিয়াও আমাদের চালিয়ে যেতে হবে, তবে এজন্য নির্বাচন পেছানো উচিত হবে না। নির্ধারিত সময়েই নির্বাচন হওয়া উচিত।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি বা টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে জরুরি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত