এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে কলমবিরতি অব্যাহত

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৩:৩৩ এএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ ও প্রতিহিংসামূলক বদলি আদেশ বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এদিন সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত। এনবিআরের প্রধান কার্যালয়সহ সারা দেশের রাজস্ব ভবনে এ কর্মসূচি পালিত হয়, তবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত রয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের হাতে ছিল নানা প্রতিবাদী সেøাগানসংবলিত প্ল্যাকার্ড। এতে লেখা ছিল ‘গোলামি আইন বাতিল করো, করতে হবে’, ‘বদলির নামে প্রহসন, মানি না, মানব না’, ‘জুলুমবাজি বন্ধ করো’ এমন নানা বার্তা।

গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে কলমবিরতি শেষ হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তলে ধরা হয়। এতে বলা হয়, বদলি নীতিমালার তোয়াকা না করে সম্প্রতি এনবিআর চেয়ারম্যান আয়কর বিভাগের সিনিয়র কমিশনারকে প্রতিহিংসামূলকভাবে নিপীড়নমূলক বদলি করেছেন। আবার, সরকারি কর্মকর্তাদের জন্য স্পর্শকাতর দপ্তরে প্রশ্নবিদ্ধ এক কর্মকর্তাকে কর কমিশনারের দায়িত্ব দিয়েছেন। তারা বলেন, একাধিক আদেশের মাধ্যমে রাজস্ব সংস্কার কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি করা হয়েছে। এর মধ্যে একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারি হিসেবে সুনাম রয়েছে এবং কর্মসূচিতে সম্মুখসারি থেকে নেতৃত্ব দিয়েছেন এমন পাঁচজন আয়কর কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এ আদেশে প্রাপ্য যোগদানকাল না দিয়েই পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরি বিধির সম্পূর্ণ পরিপন্থী ও অবৈধ। এই অবৈধ আদেশ বর্তমান এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থের এক জলজ্যান্ত প্রমাণ। এর মাধ্যমে যৌক্তিক কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের পুঞ্জীভূত ক্ষোভ উসকে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। তার এহেন কর্মকা- অত্যন্ত দুরভিসন্ধিমূলক।

কর্মকর্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি (চেয়ারম্যান) বিভিন্ন আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক সভা ও বক্তব্যে বিভিন্নভাবে বলেছেন যে, তিনি এনবিআরকে বিলুপ্ত করবেন এবং রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুই বিভাগের মডেলই রাখবেন। অর্থাৎ জারিকৃত অধ্যাদেশে তেমন কোনো পরিবর্তনই তিনি হতে দেবেন না। সরকারের সংবাদ বিজ্ঞপ্তি জারি বা এনবিআরের কমিটি গঠন, এগুলো সবই তার আইওয়াশ। এ থেকে একটি বিষয় স্পষ্ট, যে ইস্যু কেন্দ্র করে এ কর্মসূচি তাকে জিইয়ে রেখে সামগ্রিক পরিস্থিতিকে তিনি অস্থিতিশীল করতে চান। এ প্রসঙ্গে আমরা যেন ভুলে না যাই, তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগকৃত ও তাদের এজেন্ডা বাস্তবায়নকারী সচিব। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব থাকাকালে তার সময়েই এস আলমসহ দেশের সবচেয়ে বড় ব্যাংক কেলেঙ্কারির ঘটনা ঘটে।

এসব অভিযোগ তুলে কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে ১. অনতিবিলম্বে এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। এ দাবিতে এরই মধ্যে ঐক্য পরিষদ রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি যথারীতি চলবে। ২. ইতিমধ্যে জারিকৃত প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল করতে হবে, যা পূরণ না হওয়ায় আমাদের কর্মসূচি চলমান রয়েছে। ৩. প্রতিহিংসা ও নিপীড়নমূলক নতুন কোনো বদলি আদেশ জারি করা চলবে না এবং ৪. সংবাদ বিজ্ঞপ্তি মারফত সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং বিভাগের মর্যাদায় শক্তিশালী করাসহ রাজস্ব অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধনীর লক্ষ্যে এনবিআর কর্তৃক গঠিত রাজস্ব অধ্যাদেশ সংস্কারবিষয়ক কমিটি বাতিল করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যথাযথ প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে এবং বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এনবিআর সদস্যদের বাদ দিয়ে নতুন করে কমিটি গঠনের আদেশ জারি করতে হবে, যা পূরণ না হওয়ায় আমাদের কর্মসূচি চলমান রয়েছে।

এসব দাবি পূরণের জন্য নতুন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে আজ ও আগামীকাল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে ঢাকায় ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি এবং ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ। এ ছাড়া দাবি পূরণ না হলে ২৮ জুন থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ কমপ্লিট শাটডাউনের আওতাবহির্ভূত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত