সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ চার বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুলিশ জানিয়েছে বুধবার যাচাই বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবির বরাতে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ-ওসি শামিনুল হক বলেন, মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনে বিজিবি ও বিএসএফের মাধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাতে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
বিজিবির কাছে হস্তান্তরকৃতরা হলো, সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মো. বদিয়ার রহমানের ছেলে মো. মোনায়েম হোসেন (৩৪) একই গ্রামের আব্দুল মাজেদ মোড়লের মেয়ে রেবেকা বেগম (৩৬) এবং খুলনা জেলার কয়রা উপজেলা ঘুগরাকাটি গ্রামের আলীম মোড়লের মেয়ে রার্নিমা খাতুন (২৫) ও তার মেয়ে আয়েশা খাতুন (৫)।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক জানান, উল্লেখিত বাংলাদেশি নাগরিকরা সোমবার ভোর রাত ১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আমুদিয়া সীমান্তের ৩ নং গেট অতিক্রম করে বাংলাদেশে ঢোকার চেষ্টাকালে বিএসএফ তাদের আটক করে। মঙ্গলবার সকালে বিষয়টি বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিজিবি ক্যাম্প ইনচার্জকে অবহিত করা হয়।
পরে সাড়ে ৩টার দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের মধ্যস্থতায় সীমান্তের জিরো লাইনে পতাকা বৈঠক হয়।
