মুন্সীগঞ্জে ৩ কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ জুন ২০২৫, ০২:৩৭ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি-চান্দেরচর তিন কিলোমটিার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে বেগম বাজার সেতু এলাকায় বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন ও মিছিল করে। এদিন সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘন্টার মানববন্ধনে সেখানকার খাসকান্দি উচ্চ বিদ্যালয়, খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন মাদরাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষিক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে বেগম বাজার সেতু থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে খাসকান্দি গ্রামে গিয়ে শেষ হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন খাসকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির হোসেন, ক্যামব্রিজ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন, শিক্ষক শহীদুল ইসলাম, ব্যবসায়ী মিন্নত আলী, গৃহবধু রুনা আক্তার, খাসকান্দি গ্রামের প্রবীন বাসিন্দা মো. আব্দুল্লাহ, শিক্ষার্থী সাদিয়া সালমান মরিয়ম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বালুচর ইউনিয়নের বেগম বাজার সেতু থেকে চান্দেরচর গ্রামের গাজী মার্কেট পর্যন্ত তিন কিলোমিটার এ কাঁচা রাস্তাটি স্বাধীনতার পরপরই নির্মিত হয়। ৫৪ বছর পেরিয়ে গেলেও রাস্তার উন্নয়ন হয়নি। এতে চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিতে কাদামাটি একাকার হয়ে কাঁচা রাস্তায় যাতায়াতে বালুচর ইউনিয়নের খাসকান্দি ও চান্দেরচর গ্রামের ২০ হাজার জনগোষ্ঠী চরম দুর্ভোগের কবলে পড়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী আসিফ উল্লাহ বলেন, রাস্তাটির বিষয়টি আমাদের দপ্তরের নজরে এসেছে। খুব শিগগিরই সার্ভে করে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত