স্বপ্নযাত্রীর ‘অবসর পাঠাগার’

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৬:৩৯ পিএম

নগরের দামপাড়ায় গ্রিন লাইন বাস কাউন্টারে রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো'র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে ‘স্বপ্নযাত্রী অবসর পাঠাগার-১৬’। বাসের জন্য কাউন্টারে অপেক্ষারত বিভিন্ন গন্তব্যের যাত্রীদের বই পড়ে সময় কাটানোর জন্য এই উদ্যোগে নেওয়া হয়।

বুধবার (২৫ জুন) নগরের দামপাড়ায় অবস্থিত গ্রিন লাইন বাস কাউন্টারে এই লাইব্রেরি উদ্বোধন করা হয়। এতে সহযোগিতা করে রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো।

স্বপ্নযাত্রী পাঠাগার অপারেশন টিমের প্রধান সমন্বয়ক সাফায়েত শিহাবের সঞ্চালনায় এবং রোটারি ক্লাব অব চিটাগং রেইনবো'র সভাপতি তাসনুভা হায়দার নোভার সভাপতিত্বে অবসর পাঠাগার উদ্বোধন করেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. নাজিম উদ্দীন।

উপাচার্য বলেন, ‘বর্তমানে তরুণ সমাজ বইবিমুখ। এই সময়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাই। তাদের এই উদ্যোগ আমাদের তরুণ সমাজকে বইমুখী করবে। তারা ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজন করবেন এমনটাই আশা রাখি।’

উদ্বোধনের সময় উপস্থিত সাধারণ যাত্রীরা ব্যতিক্রমধর্মী এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। অপেক্ষমান যাত্রী ইয়াসিন এই মিনি লাইব্রেরির সামনে এসে তার ইতিবাচক অভিব্যক্তি তুলে ধরেন। এ সময় যাত্রী সাধারণের মধ্যে উপস্থিত কিছু কোমলমতি শিশু মিনি লাইব্রেরি থেকে বই হাতে তুলে নেন এবং পড়েন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও  উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইফতেখার মনির, রোটারি চট্টগ্রাম সেন্টারের সভাপতি ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ওসমান গনি মনসুর, ক্লাব এডভাইজার পাস্ট প্রেসিডেন্ট কেরামাতুল আযিম পিন্টু, রিপসার কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান, রেইনবো ক্লাবের চার্টার প্রেসিডেন্ট জাহেদা আক্তার মিতা, রোটারি ক্লাব চিটাগং স্মাইলের সভাপতি শাহাদাত হোসাইন চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত