চট্টগ্রামের সীতাকুণ্ডে জেলা প্রশাসন কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী মৌজার ১ নং খতিয়ানের অধিভুক্ত সরকারি মালিকানাধীন ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা কোহিনুর শিপ ইয়ার্ড নামের একটি অফিস ও অন্যান্য স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন ও মইনুল হাসানের নেতৃত্বে অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
ভ্রমমাণ আদালত সূত্র জানায়, ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী মৌজার ১নং খাস খতিয়ানের ৪৯৪ নং দাগে ১১৩ একর সম্পত্তির কিছু অংশ রাজা কাসেম নামের স্থানীয় এক প্রভাবশালী দখল করে একটি দোতলা ভবন নির্মাণ করে ফেলে। গত (২৬ জুন) ৭ দিনের সময় বেধেঁ দিয়ে উক্ত ব্যবসায়ীকে সরকারি ভূমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। কিন্তু তিনি এই কথায় কর্ণপাত করেননি। বেধেঁ দেওয়া ৭ দিনের সময়সীমা পার হওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হয়। অভিযানে একটি দোতলা ভবন, একটি একতলা ভবন, বৈদ্যুতিক সাবস্টেশন, বৈদ্যুতিক খুঁটি ও কাঁটাতারের বেড়া অপসারণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, তুলাতলী মৌজায় সরকার কোন ভূমি ইজারা দেয়নি। এখানে অবৈধ দখল হওয়া সম্পত্তি সরাতে নোটিশ দেওয়া হলেও দখলদার কোন ব্যবস্থা নেননি। তাই জেলা প্রশাসন কর্তৃক অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। সরকারি সম্পত্তি উদ্ধারে চট্টগ্রাম জেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং অবৈধ দখলদারের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে অভিযুক্ত ইয়ার্ড মালিক রাজা কাসেম বলেন, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম চাইছেন বাংলাদেশে কোন শিপ ব্রেকিং ইয়ার্ড না থাক। উনার ব্যক্তিগত ইচ্ছাতেই আমার ইয়ার্ড উচ্ছেদ করা হয়েছে। শিপ ইয়ার্ড কেন বন্ধের চেষ্টা চলছে আমরা জানিনা। ইয়ার্ড বন্ধ হয়ে গেলে এই শিল্পের সাথে জড়িত লাখ-লাখ মানুষ বেকার হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমার ইজারাকৃত ভূমিতে আমি ইয়ার্ড নির্মাণ করেছি। তুলাতলী নাম দিয়ে যেখানে আমার অফিস ভাঙ্গা হয়েছে সেটা সলিমপুর মৌজায় পড়েছে। যেটা সরকারের কাছ থেকে আমি ইজারা নিয়েছি।
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন-মৃত্যু বন্ধ করতে হবে
কক্সবাজারে ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, মৃত্যু ৬ জনের
সাবেক তিন সংসদ সদস্য ‘শ্যোন অ্যারেস্ট’ 